অভিমান

অভিমান – তৃতীয় পদার্থ
যার স্পর্শে
ধাতুর গহ্বরে অন্ধকার জন্ম নেয়।
শব্দেরা বহুদিন দেখা না দিলে
তাদের গায়ে শ্যাওলা পড়ে।
দৃষ্টি, নিঃশব্দের কাছে হার মেনে
ধুলোয় মিশে যায়।

অভিমান –
দুটি নক্ষত্রের মাঝে
জমে থাকা অদৃশ্য ঠান্ডা।
একদিন সবকিছুর ভিতরের
অর্থ সরে যাবে।
ঘড়ির কাঁটা ঘুরবে,
কিন্তু সময় এগোবে না।
মানুষ কথা বলবে,
কিন্তু ভাষা আর কারও ঘরে ফিরবে না।
তখন পাখির ডানায় আকাশের বদলে
দূরত্ব লেগে থাকবে।

ঘুমের মধ্যে একটা সিঁড়ি দেখা দেয়
শুধু নেমে যায় গভীরে,
নিজেরই বিলুপ্তির দিকে।

অভিমান –
জন্মেছিল প্রথম সেই সন্ধ্যায়
যেদিন আলো বুঝেছিল,
অন্ধকারকে কখনও
একা ছেড়ে যাওয়া যায় না।

Leave a comment