নৈঃশব্দ

শব্দ যখন থেমে যায়
নৈঃশব্দ কথা বলে।
তুমি নৈঃশব্দের আওয়াজ শুনেছো?
কখনও সে তটিনী তরঙ্গিণী,
চঞ্চলা, চপলা,
কখনও বা নিস্তব্ধ পাহাড়ের খাদ,
হালকা ঝিঁঝির ডাক,
শহুরে কোলাহল বাদ।
নৈঃশব্দ আসে আমার ছাদে,
গল্প বলে, আদর করে,
বার বার সে বুঝিয়ে যায় –
প্রেম বাঁধে না, মুক্তি দেয়।
চিলেকোঠার ঘরে আমার,
উদাস করা সুরে –
নৈঃশব্দ গান দিয়ে যায়,
আমার ভুবন জুড়ে।

গান ভেসে যায় স্তব্ধ শূন্যে,
বকুল ভরা সোহাগ;
অভিমানের চাদর ঠেলে
সুর রেখে যায় পরাগ।
নৈঃশব্দ আসে রোজই –
আমার ছাদের ঘরে,
গান দিয়ে যায়,
ঘুম নিয়ে যায়,
রজনীগন্ধা ভোরে।

Leave a comment