আমাদের ভেতরে যে শূন্যতার প্রতিধ্বনি –
তারই নাম ‘ভালোবাসা’।
আমরা নিঃসঙ্গতার শব্দে
প্রসব করি সম্পর্ক;
অভিমান আর শরীর ধার নি,
তা অবশ্য ঋণস্বীকার্য নয়।
রাতের গভীরে ভুলের বোঝা বাড়ে,
আমরা দিনের আলোর ছায়ায়,
ভুলে যাই।
অন্ধকারে, আমাদের সম্পর্কের গায়ে
নোনা ঘামের মতো লেগে থাকে
একটা আদিম শব্দ –
ভয়।
তুমি আমাকে মনে রাখো
তোমার সুবিধেমতো সংস্করণে,
আমি তোমায় দেখি
আমার ক্ষতের আলোয়।
তবুও আমরা বার বার ফিরে যাই
সেই তালা ঝোলা দ্বারে।
স্বাধীনতা ত্যেজে,
আমাদের ধ্বংসের সাক্ষী রেখে যাই।
আর সেই পুড়ে যাওয়া ভালোবাসার গহ্বরে
অন্ত্যেষ্টিক্রিয়ার গন্ধ পাওয়া যায়।

Leave a comment