আমরা কেন বলাই হতে পারি না?
সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে
শুষে নিতে পারিনা শিশির বিন্দুর ওম?
পারিনা অবাক হতে?
পৃথিবীর অসীম সীমার মাঝে –
হারিয়ে যেতে পারিনা;
ঔৎসুক্যের আঙিনায়,
কাঁচা-সোনা রঙের আদর মেখে
গাছের ভেতরের মানুষগুলোর সঙ্গে
গল্প জুড়তে – ভুবনজোড়া হাসি হাসতে?
লক্ষীছাড়া শিমুল-পলাশের দলে
নাম লিখিয়ে ওদের বন্ধু হতে পারিনা?
আমাদের নিখাদ বন্ধুত্ব হয়না আজ
হয়না প্রাণের দোসর;
আমরা যেমন বলাই হইনা।
আমরা যে কেন বলাই হতে পারিনা …

Leave a comment