তিন মাস, বারো দিন, সাত ঘণ্টা –
তোমার সঙ্গে দেখা হয়নি।
সেদিন তোমার চলে যাওয়ার দিকে
তাকিয়ে থাকতে থাকতে
মনে হলো যেন
আমাদের সন্ধি বিচ্ছেদ হলো।
তুমি ফিরে তাকালে,
তোমার ডান চোখের কোণ দিয়ে –
হালকা হেসেছিলে বোধহয়।
সেদিন শহরের গলিগুলো
তোমায় আটকাতে পারেনি।
তোমায় আটকাতে পারেনি
আটটার সাইরেন।
আকাশভরা বিষাদ নামে
আমার চিলেকোঠার ঘরে –
এই প্রাচীন শহর,
তার চাইতেও প্রাচীন এই আমি –
আমাদের বিচ্ছেদের দিকে তাকিয়ে থাকি।
প্রাত্যহিক ঘামে ধুয়ে যায় অপেক্ষা।
সকালের রোদে ঘড়ি দম নেয়;
সময় পেরিয়ে যায় –
বিরহ আরও সুন্দর হয়ে আসে।

Leave a comment