আমি সময় জমাচ্ছি –
একদিন যখন অনেক সময় জমে যাবে,
আমি সময় দেবো তোমাদের।
তোমরা যারা
দাবানলে হারিয়ে যাও
সময় নেই বলে,
বাঁচতে ভুলে যাও
সময়ের কলরোলে;
আমি আমার সমস্ত সময়
তোমাদের দিয়ে দেবো।
সময় নেই বলে তোমাদের যাদের
অভিমানের পাল্লা ভারী,
ঠিক ততটা সময় দেবো
যতটা সময়ে তোমাদের অভিমান
অনুরাগ হয়ে যায়।
সময় দিতে দিতে যেদিন
আমার সকল সময় ফুরিয়ে যাবে,
সেদিন আমিও সময়ের খোঁজে হারিয়ে যাবো।

Leave a comment