যুদ্ধকালীন

আচ্ছা,
হেরে গেলেই কি যুদ্ধ শেষ হয়ে যায়?
এই শহরতলি ভরা মানুষ
রোজ সকাল হলেই বস্তা কাঁধে বেরিয়ে পরে,
আগামী কিনতে;
এদের মধ্যে কারওর সংসারে
হয়তো কাল রাতেই বৃষ্টি হয়েছে,
আতশবাজির মতো;
তার ভেতরটা ধ্বংসস্তুপ –
কিন্তু সেও বেরিয়ে পড়েছে,
হেরে যাওয়া দেশের মতো।

আচ্ছা,
যুদ্ধে কিভাবে হারে?
জখম হয়ে?
প্রাণ হারিয়ে?
নাকি, বিক্রি হয়ে?
আমরা যারা শুধু জিতে যাওয়ার দিকে তাকিয়ে থাকি,
উদযাপন করি জয় –
আমরা, ভুলে যাই,
ভুলে যাই, হেরে যাওয়ার আত্মগ্লানি
তার আত্মকলহ –
সেই নিয়ে বেঁচে থাকাটাও
একটা দৈনন্দিন যুদ্ধ!

Leave a comment