আমার দীর্ঘশ্বাসে সিক্ত রাতের
শেষ প্রহরে জেগে থাকা
আঁধার মিলিয়ে যায় আজ –
আজ, রবি বার।
আমার অন্তর্দহনের মাঝে
যে অদ্ভুত শূন্যতা
যাকে আমি প্রেম, দেশ, ঈশ্বর বলি;
অথবা সারারাত জানালায় দাঁড়িয়ে
অকারণ হাহাকার করি –
সেই হাহাকার মিলিয়ে যায় আজ,
আজ, রবি বার।
শব্দে আলো থাকে না, থাকে শুধু ছায়া;
থাকে মৃত্যুর গন্ধ মেশা কৃষ্ণচূড়ার লাল –
আমার আত্মা ঘেরা অন্ধকার
হারিয়ে যায় আজ।
আজ, রবি বার।
হলুদ হয়ে যাওয়া আলোয়,
কোনও পুরনো বিকেলে,
কোনও অদৃশ্য সুরে,
কোনও অসমাপ্ত চিঠিতে,
কোনও বৃষ্টিস্নাত দিনে,
যখন শীতল হয় মন –
বুঝি তুমি ছিলে,
তুমি আছো;
তাই আজও রবি বার।
তাই, রোজই রবি বার।

Leave a comment