কখনও সে আসে
যুদ্ধশেষে পড়ে থাকা
এক জোড়া জুতোর ভিতর,
যেখানে আর কোনো পা ফিরবে না।
শান্তি – এক নিঠুর অভ্যেস,
আগুনের সঙ্গে সহবাস।
যে প্রতিদিন ভেতরে ভেঙে
তছনছ হয়ে যায়, সে জানে,
শান্তি আসলে পুড়ে যাওয়া ঘর,
যেখানে আর কিছুই জ্বলার বাকি নেই।
আমার ভিতরে যে নিরন্তর যুদ্ধ –
রক্তপাতহীন,
কিন্তু অগুন্তি মৃত, সেখানে প্রতিরাতে
অনুতাপেরা সার বেঁধে দাঁড়ায়,
আর স্মৃতিরা
চুপচাপ জানলার ধারে বসে
আলোর পথে চেয়ে থাকে।
তারপর একদিন
হঠাৎ দেখি
আমি আর কাউকে ভালবাসতে চাই না,
ঘৃণাও করতে চাই না;
শুধু ক্লান্ত লাগে।
সেই ক্লান্তির নামই হয়তো শান্তি।
যেমন সমুদ্র
অবশেষে সমস্ত ঝড়কে
নিজের নোনাজলে ডুবিয়ে রাখে;
উপরে শান্ত,
অথচ তলদেশে ডুবে আছে
অসংখ্য জাহাজের আর্তনাদ।
শান্তি

Leave a comment